রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।

শনিবার রাজধানীর নাবিস্কো এলাকা থেকে ৮৪০০ পিস ইয়াবাসহ দুজন এবং যাত্রাবাড়ী এলাকায় কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে ডিএনসির পৃথক দুটি দল।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণির নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের সামনে পশ্চিম পাশে ফুটপাতের ওপর দাঁড়িয়ে থাকা মিটন চাকমা ও লাতো চাকমার দেহ তল্লাশি করে ৮৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে একটি মোবাইল ফোন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ডিএনসির উপপরিদর্শক ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন রয়েল হোস্ট রেস্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-৮৮৫৭) তল্লাশি করেন। তল্লাশিকালে ৫০ কেজি গাঁজা, কাভার্ড ভ্যান ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেটসহ মো. সাইফুল ইসলাম (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে জব্দ করা ২৪টি কালো পলিথিনের প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-৮৮৫৭) জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. সাইফুল ইসলাম (৪৬) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা ঢাকা মহানগরের বিভিন্ন মাদক স্পটে সরবরাহের জন্য নিয়ে আসছিলেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন