পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু এবং নৌমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জনসাধারণের সড়কপথে যাতায়াত নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিময় করতে সদয় নির্দেশনা প্রদান করেছেন। গতকাল শুক্রবার দেশের সর্ববৃহৎ যোগাযোগ অবকাঠামো পদ্মা সেতু সরেজমিনে পরিদর্শন এবং টোল বুথ পর্যবেক্ষণকালে এ কথা বলেন মন্ত্রী।
নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদযাত্রা নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে রমজানের শুরু থেকে ঈদ পরবর্তী আরও ১৫ দিনসহ সর্বমোট ৪৫ দিনের একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে পদ্মা সেতুতে যানবাহনের সম্ভাব্য অতিরিক্ত চাপ মোকাবিলায় সকল টোল লেন সার্বক্ষণিক সচল রাখা, পর্যাপ্ত জনবল মোতায়েন এবং টোল আদায় কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
সকল টোল বুথের পাশাপাশি ইলেকট্রনিক টোল কালেকশন লেনসমূহ সার্বক্ষণিক সচল রাখা এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যেকোনো ধরনের দুর্ঘটনা দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক রেকার, ফায়ার ভেহিক্যাল ও অন্যান্য জরুরি সেবা যান প্রস্তুত রাখা, ফায়ার সেফটি ব্যবস্থা জোরদার করা এবং সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় ও কার্যকর যোগাযোগ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
এদিন মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেন, বাস-বে চালু হলে যাত্রী ওঠানামা আরও সুশৃঙ্খল হবে, মূল সড়কে যানজট হ্রাস পাবে এবং সার্বিকভাবে ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

