রোমে বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক যাত্রী

রোমে বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক যাত্রী
ফাইল ছবি

প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি বিমান। ফ্লাইটটিতে ২৬০ যাত্রী এখনও উড়োজাহাজের ভেতরে রয়েছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

শুক্রবার নিয়মিত জ্বালানি নেওয়ার সময় ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিজি ৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ইতালিতে অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং মেরামতের প্রয়োজন রয়েছে।

স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দরেই অবস্থান করছিল। বিমানটি আবার কখন যাত্রা শুরু করবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

যাত্রীরা জানান, ঢাকায় আসার আগে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল। তবে উড়োজাহাজের প্রযুক্তিগত সমস্যার প্রকৃত কারণ এবং ফ্লাইটে থাকা যাত্রীর সংখ্যা নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বার্তায় জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩০৬ (টরন্টো-রোম-ঢাকা) পরিচালনাকালে ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরো জানায়, ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে বিজি ৩০৬ রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে বিজি ৩০৫ (ঢাকা-রোম-টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে। রোমে অবস্থানরত বিজি৩০৬-এর যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ এয়ারলাইন্স এ অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও যাত্রীদের অসুবিধার দুঃখ প্রকাশ করেছে ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন