স্বাস্থ্য খাতে দ্রুত এক লাখ কর্মী নিয়োগ ও ফার্মাসিস্ট, সাব-এ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এবং মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবি জানিয়েছে ‘জাতীয় স্বাস্থ্য পেশাজীবী ঐক্য’।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মো. জামাল উদ্দিন বাদশা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হলে শুধু চিকিৎসক নয়, স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি যুক্ত অন্যান্য পেশাজীবীদেরও যথাযথ মর্যাদা, প্রশিক্ষণ ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, অতীতে স্বাস্থ্য খাতের নীতি নির্ধারণে সংশ্লিষ্ট পেশাজীবীদের যথাযথ প্রতিনিধিত্ব না থাকায় অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রভাবশালী গোষ্ঠী এসব দাবি বাস্তবায়নে বাধা সৃষ্টি করলে তা মোকাবিলায় সরকার ও প্রশাসনকে সহযোগিতা করবে ‘জাতীয় স্বাস্থ্য পেশাজীবী ঐক্য’।
সদস্য সচিব এসএম মনিরুল ইসলাম সাদাফ বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে দেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে আরও কার্যকর করতেস হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ৩২ ও ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
এছাড়াও জেলা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ এবং ডায়ালাইসিস ইউনিট স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। হৃদরোগ, কিডনি ও ভাসকুলার সার্জারিসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সরঞ্জাম বাড়ানো এবং ক্যানসার চিকিৎসার ব্যয় কমানোরও দাবি জানানো হয়।
এদিকে ছয় দাবির মধ্যে রয়েছে:- ফার্মাসিস্ট, সাব-এ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এবং মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড প্রদান; নার্সিং অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন এবং যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী পদোন্নতি নিশ্চিত করা; মেডিকেল টেকনোলজিস্টদের জন্য একটি পৃথক পেশাজীবী কাউন্সিল গঠন; বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী চিকিৎসকের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী নিয়োগ; আধুনিক শিক্ষা, প্রশিক্ষণ এবং উচ্চতর ডিগ্রির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান; স্বাস্থ্য খাতের সামগ্রিক বৈষম্য ও অবমূল্যায়ন দূর করা।
সংবাদ সম্মেলনে জাতীয় পেশাজীবী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


