সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা বিদেশি পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ কার্যক্রম নিয়ে ডকুমেন্টেশন তৈরি করবে নির্বাচন কমিশন (ইসি)। স্বাধীনতার পর এই প্রথম এ ধরণের উদ্যোগ নিয়েছে সাংবিধানিক সংস্থা ইসি। এর জন্য ইসি ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে ৩৩ সদস্যের একটি কমিটি গঠন হয়েছে।
ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে আহ্বায়ক এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদরে এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেন। তাদের অভ্যর্থনা, আবাসন, ভোটকেন্দ্র পরিদর্শন এবং অন্যান্য কার্যক্রমের ছবি ও তথ্য সংরক্ষণ করে একটি স্থায়ী ডকুমেন্টেশন তৈরি করা হবে।
ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য প্রতিবেদনটি বই আকারে সংরক্ষণ করা হবে। কমিটিকে বিদেশি পর্যবেক্ষকদের মূল্যায়ন প্রতিবেদন সংগ্রহ, বিভিন্ন কার্যক্রমের রাইটআপ ও আলোকচিত্র সংকলন এবং চূড়ান্ত প্রকাশনা প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা যায়, কমিটিতে নির্বাচন কমিশন সচিবালয়ের পাশাপাশি তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

