হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডানাটা।
বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এইচ ই আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহামৌদি। এ সময় তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে ডানাটার আগ্রহের বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় রাষ্ট্রদূত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে ডানাটার আগ্রহের কথা উল্লেখ করেন। জবাবে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে এবং ওআরএটি কার্যক্রম পুরোপুরি শুরু হওয়ার পর সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। পরবর্তী কার্যক্রম সম্পর্কেও সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।
বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়নে সরকার সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রস্তুত রয়েছে। তিনি দেশের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারের চলমান কার্যক্রমের কথাও তুলে ধরেন।
এ সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিমান ও পর্যটন খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

