ফতুল্লায় এক পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ, হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ফতুল্লায় এক পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ, হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় ভোরের আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) ভোরে গিরিধারা এলাকার একটি নয়তলা ভবনের নিচতলার একটি বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধরা হলেন— সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বরুকদিয়া গ্রামে।

বিজ্ঞাপন

দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, ভোরের দিকে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় কালাম রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আগুনের তীব্রতায় মুহূর্তেই দগ্ধ হন পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

উদ্ধারকারী রাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন তারা। দগ্ধ সালমা বেগমের বরাত দিয়ে তিনি বলেন, আগুন লাগার সময় সবাই ঘুমিয়ে ছিলেন এবং হঠাৎ বিস্ফোরণের মতো শব্দে ঘরজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজনকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনার পর রোববার দুপুরে হাসপাতালে গিয়ে দগ্ধদের খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা বা লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন