দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরের প্রেক্ষাপটে থাইল্যান্ডে নিজের ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিজ্ঞাপন

সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তবে তাঁর স্বাক্ষর করা পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হয়। এছাড়া সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাই দ্রুত দেশে ফিরতে হয়েছে স্পিকারকে।

এর আগে, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দু’দিন আগেই ফিরেছেন তিনি।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে উন্নত চিকিৎসা ও পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গত কয়েক দিনে তিনি দুবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্টে হৃদ্‌রোগের সমস্যার পাশাপাশি স্নায়বিক (নিউরোলজিক্যাল) সমস্যাও ধরা পড়েছে। বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র আমার দেশকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছেন। তিনি সিঙ্গাপুরে বাইপাস সার্জারি করালেও পরে শরীরে দুর্বলতা, কোমর ও পিঠের ব্যথা বেড়ে যায়। এরপর তিনি যুক্তরাজ্যে গিয়ে মেডিকেল চেকআপও করিয়েছেন।

সম্প্রতি আবারও শারীরিক সমস্যা দেখা দিলে তিনি চিকিৎসকদের শরণাপন্ন হন। রাষ্ট্রপতির সেবায় নিয়োজিত বঙ্গভবনের কর্মীরা জানান, গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির ব্যস্ততম দিন কেটেছে। সকালে তিনি নিজ দপ্তরে আসেন। যথারীতি চারটি ফাইলে স্বাক্ষর করেন। এ ছাড়া বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন