এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ৩৩ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৪৮

স্টাফ রিপোর্টার

এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ৩৩ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৪৮
ফাইল ছবি

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আরও বেড়েছে। একই সঙ্গে বহিষ্কারের সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ।

সোমবার ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন ৩৩ হাজার ১২৯ জন, আর বহিষ্কার হয়েছেন ৪৮ জন। এর আগে গত শনিবার দ্বিতীয় দিনের পরীক্ষায় ২৭ হাজার ৩২৭ জন অনুপস্থিত ও ১৭ জন বহিষ্কার হয়েছিলেন।

বিজ্ঞাপন

এ ছাড়া গত বৃহস্পতিবার প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল ২৪ হাজার ৭৮৪ জন এবং বহিষ্কার হয়েছিলেন ৭ জন শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত পরিসংখ্যানে দেখা গেছে, সোমবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ৯ লাখ ৯৭ হাজার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছিলেন ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৩৪ জন (২.৫১ শতাংশ)।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৮৩ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৭৮ হাজার ১৮১ জন। এই বোর্ডে ৫ হাজার ১৫২ জন (৬.১৮ শতাংশ) অনুপস্থিত ছিলেন।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ পরীক্ষায় ৮৩ হাজার ৭৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮০ হাজার ৮৩৩ জন। ২ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী (৩.৫১ শতাংশ) এই বোর্ডে অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে ঢাকা বোর্ডে ১০ জন, কুমিল্লায় ৮ জন, দিনাজপুর ও ময়মনসিংহে ৭ জন করে, বরিশালে ৪ জন, রাজশাহী ও যশোরে ৩ জন করে এবং সিলেটে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। আর মাদ্রাসা বোর্ডে ২ জন ও কারিগরি বোর্ডে ৩ জন বহিষ্কার হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো বোর্ডে পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।

গত বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে দেশের ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গতবারের তুলনায় যা ২২ হাজার ৭৬৬ জন বেশি।

এবার দেশের সাধারণ সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা। আগামী ৮ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে; আর ১৫ আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরার আওতায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন