প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তার অফিসে পৌঁছান। এ সময় সেখানে প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সেখানে পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তা হলেন— লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.), সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

