বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ বাড়ানোসহ শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান ও সিতারাম সিরিন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জন্য আরও বেশি স্কলারশিপের সুযোগ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং বাংলাদেশে ভাষা শিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ।
বৈঠকে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে—এমন গবেষণায় শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার বিষয়েও আলোচনা হয়। স্বাস্থ্য, কৃষি, নগরায়ণ, শিল্প, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সার্বিকভাবে শিক্ষা খাতের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও ফুলব্রাইট অ্যালামনাইদের দেশের উন্নয়ন কার্যক্রমে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


