মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা-পরবর্তী সাংবাদিকদের মানসিক ট্রমা ও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) থেকে তাদের উত্তরণের উপায় নিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) এবং মাইন্ডশেপারের যৌথ উদ্যোগে ‘লিভিং উইথ রিয়ালিটি’ (বাস্তবতার সাথে বেঁচে থাকা) শিরোনামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে মূল আলোচনা করেন—মাইন্ডশেপারের ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিস্ট রুকনুজ্জামান রুপম।
কীভাবে নিজের মনের কথা চেপে না রেখে সঠিক উপায়ে নিরাময়ের পথ খুঁজে পাওয়া যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।
প্রায় চার ঘণ্টাব্যাপী এই কর্মশালায় ২০ সাংবাদিক অংশ নেন। অংশগ্রহণকারীরা মানসিক নিয়ন্ত্রণ, আবেগের ভারসাম্য ও কাজের সমতা বজায় রাখার নানা অনুশীলন শেখেন এবং আলোচকদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।
বিজেআইএম এর আহ্বায়ক স্যাম জাহান বলেন, ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা বাংলাদেশে এখনো নতুন একটি ধারণা। ব্যস্ততার কারণে সাংবাদিকদের মধ্যে এ বিষয়ে জ্ঞানের অভাব রয়েছে। তাদের জানানো ও সতর্ক করাই আমাদের মূল লক্ষ্য।’
মাইন্ডশেপারের মুখপাত্র সাজ্জাদ হোসেন বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা শিখলে সমাজে সচেতনতা তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবেন। এ আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
অনুষ্ঠান শেষে বিজেআইএম ও মাইন্ডশেপারের পক্ষ থেকে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ প্রদান করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

