পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগ তুলে চুক্তি বাস্তবায়নে জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন কমিটি।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির প্রতিনিধিরা বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত পাঁচ মাসে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
‘বিএনপি নেতৃত্বাধীন সরকারের ৫ মাস: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতির মূল্যায়ন’ শীর্ষক এ সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সংগঠন।
সভায় লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন।
তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। আমরা সেই কর্মসূচিকে স্বাগত জানিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার তালিকায় রাখার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, পাঁচ মাস অতিবাহিত হলেও চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকার তাদের ৩১ দফা কর্মসূচিতে একটি বহুজাতিক ও বহুত্ববাদী ‘রেইনবো নেশন’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং আদিবাসীদের অধিকার নিশ্চিত করা জরুরি।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নিরাপত্তার অজুহাতে পুরো অঞ্চলকে অতিমাত্রায় সামরিকীকরণ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে অংশীজনদের সম্পৃক্ত করার জন্য অবিলম্বে একটি জাতীয় কমিশন গঠন করা জরুরি।
সভায় অন্যদের মধ্যে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক ফজলুল হক এবং সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্বাফি রতন বক্তব্য রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


