সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হেলথ ক্লাবের আয়োজনে ১৪ অক্টোবর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেন্টার মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন। মূল আলোচক ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
আলোচনায় ডা. রাসকিন স্তন ক্যান্সারের ঝুঁকি, বিস্তার, উপসর্গ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি গণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে স্থানীয় পর্যায়ে সমাজভিত্তিক ক্যান্সার সেবা ও গবেষণা কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
হেলথ ক্লাবের মেন্টর ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে আরও বক্তব্য দেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নিলুফা সুলতানা, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. ফুয়াদ হোসেন এবং মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেন্টারের পরিচালক ডা. তরিকুল ইসলামসহ অন্যরা।
আলোচনা শেষে আগ্রহী নারীদের স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা দেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


