পিএসসির নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. শামীমা সুলতানার শপথগ্রহণ

পিএসসির নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. শামীমা সুলতানার শপথগ্রহণ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগপ্রাপ্ত সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা।

বিজ্ঞাপন

রোববার বেলা তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, কমিশনের অন্যান্য সদস্য, কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়েছিল।

সম্প্রতি পিএসসির দুজন সদস্য পদত্যাগ করেন। সাবেক সচিব মো. মহিউদ্দিন গত ১৫ অক্টোবর এবং বুয়েটের অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর রাষ্ট্রপতি বরাবর পিএসসির সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। পরে রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন।

দুই সদস্যের বিদায়ের পর ২০ সদস্যের পিএসসিতে বর্তমান সদস্য সংখ্যা কমে ১৮ জনে দাঁড়িয়েছিল। এখন অধ্যাপক শামীমা সুলতানাকে নিয়োগ দেওয়ায় কমিশনে সদস্য সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়াল।

এর আগে গত আগস্টে প্রতিষ্ঠানটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন। পরবর্তীতে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন