শিক্ষা খাতে সহযোগিতায় আরো জোরদার হবে বাংলাদেশ-চীন সম্পর্ক: শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে সহযোগিতায় আরো জোরদার হবে বাংলাদেশ-চীন সম্পর্ক: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর ডেমরায় শামসুল হক খান স্কুল প্রাঙ্গণে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং উপস্থিত ছিলেন।‌

শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ও চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সম্পর্ককে আরও শক্তিশালী করেছেন। ভবিষ্যতে শিক্ষা ও প্রযুক্তিসহ বহুমুখী খাতে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের এই বন্ধুত্ব আরও জোরালো হবে বলে মন্তব্য করেন তিনি।

ড. এহছানুল হক মিলন বলেন, চীনা কমিউনিস্ট পার্টির এই উপহার দুই দেশের শিক্ষাখাত ও প্রযুক্তি বিনিময়ের সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করল। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরকালে শিক্ষাসহ বহুমুখী খাতের উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন, যা আগামীর বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর চীন সফর এক নতুন দিগন্তের সূচনা করেছে। সেই ধারাবাহিকতায় আমরা ‘বেইজিং এগ্রিমেন্ট’ স্বাক্ষর করেছি, যার মাধ্যমে দুই দেশের শিক্ষা সহায়তার পথ আরও সম্প্রসারিত হয়েছে। শামসুল হক খান স্কুলে আজকের এই আয়োজন দুই দেশের সেই বন্ধুত্বেরই অনন্য নিদর্শন।

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, এ দেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। আজকের এই স্মার্ট ক্লাসরুম উপহার ডিজিটাল বিশ্বে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের এই উপহার চীন, এ দেশের জনগণ এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বন্ধুত্বের এক গভীর ভালোবাসার নিদর্শন।

অনুষ্ঠানে মোট ২৮টি ক্যাটাগরিতে বিভিন্ন আধুনিক সরঞ্জাম ও উপকরণ প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি আধুনিক স্মার্ট ক্লাসরুম এবং বিভিন্ন শিক্ষা উপকরণ। উল্লেখযোগ্য উপকরণের মধ্যে রয়েছে ৫০টি ডেস্কটপ কম্পিউটার, ৪৮ সেট স্টুডেন্ট ডেস্ক ও চেয়ার এবং একটি হুয়াওয়ে স্মার্টবোর্ড। এ ছাড়া চার সেট এয়ার কন্ডিশনার, গরম পানির পাত্র (ওয়ার্ম ওয়াটার পট), পেন্সিল বক্স, নোটবুক ও বিভিন্ন খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।

চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) এই উপহার দেয়। এই উদ্যোগ ডিজিটাল শিক্ষা, চীনা ভাষা শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর পাঠদানকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

এ সময় ঢাকাস্থ চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউজিনসহ চীনের কমিউনিস্ট পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন