বাংলাদেশের বিমানবন্দরের সেবার মানোন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশন।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতু এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানান।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার উপস্থিত ছিলেন।
সভায় সেলেবি এভিয়েশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিমানবন্দরের সেবার মান উন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলে মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটিকে গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি নিয়োগে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।
মন্ত্রী আফরোজা খানম দেশের পর্যটন খাতের বিকাশে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বিমানবন্দরটির গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সহযোগিতার বিষয়ে সেলেবি এভিয়েশনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রীসেবার মানোন্নয়নে কোম্পানির পক্ষ থেকে একটি কনসেপ্ট পেপার জমা দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া দেশের পর্যটন খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

