শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষে আগামী ডিসেম্বর মাসেই চালু হতে যাচ্ছে ‘এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’। এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে।
তিনি বলেন, দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে আগ্রহী চাকরিপ্রার্থীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা হবে। পাশাপাশি বিভিন্ন শিল্পকারখানা ও ইন্ডাস্ট্রি থেকে শ্রমিক ও কর্মীদের চাহিদা চিহ্নিত করে একটি অনলাইন ও অফলাইন ডাটাবেস প্রস্তুত করা হবে।
রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কর্মসংস্থানমন্ত্রী।
প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে ঢাকায় এটি চালু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে এবং দেশের ৬৪টি জেলায় এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে ‘এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু এবং দেশব্যাপী ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা হবে। তারই ধারাবাহিকতায় দেশের শিক্ষিত জনগণ এবং মূলধারার শিক্ষার বাইরে থাকা যারা জব মার্কেটে প্রবেশ করতে চান, তাদের সুযোগ করে দিতেই আমাদের এই উদ্যোগ।
তিনি বলেন, আমাদের দেশের মূল শক্তি আমাদের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ এবং আমরা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে চাই। আধুনিক যুগের চাহিদানুযায়ী কোন সেক্টরে কী ধরনের দক্ষতা প্রয়োজন, তা চিহ্নিত করে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়নকারী প্রতিষ্ঠানের সাথে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার পদ্ধতিও এই সেন্টারে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


