বছরের প্রথম দুদিনে রাজধানীসহ নারায়ণগঞ্জ, গাজীপুরে পৃথক ঘটনায় ৭ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে নবাবগঞ্জ থানার এক পুলিশ সদস্যকে গতকাল বৃহস্পতিবার কাকরাইলে বাসচাপা দেওয়ার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে রাজধানী, গাজীপুর, ফতুল্লায় হত্যাকাণ্ডের এ তথ্য সংগ্রহ করেছেন আমার দেশ-এর প্রতিনিধি।
এসব ঘটনার ব্যাপারে ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান বলেন ঘটনা তো ঘটেছে, অস্বীকার করার কিছু নেই। তবে আমরাও বসে নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি। যে ঘটনাগুলো ঘটেছে সে ব্যাপারেও ডিএমপি গুরুত্বসহকারে তদন্ত করছে।
পুলিশ সদস্যকে বাসচাপা দেওয়ার ঘটনায় তিনি বলেন, ড্রাইভার গ্রেপ্তার হলেই জানা যাবে এটা কী নিছক দুর্ঘটনা, নাকি অন্য কিছু।
ভাষানটেকে ও লালবাগে নিহত দুই
রাজধানীর মিরপুরের ভাষানটেকে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ভাষানটেক এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলাউদ্দিন (২২) নামের এ ব্যবসায়ী নিহত হন। এছাড়া লালবাগ থানার জেএন শাহ রোড এলাকায় লিবার্টি ক্লাবের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মাহবুব আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
সোনালী ব্যাংকের নারী কর্মকর্তার লাশ উদ্ধার
রাজধানীর ঝিগাতলার একটি বাসা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কাজী সুরাইয়া (৫২) নামে ওই নারী সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস (ঢাকা ওয়েস্ট)-এর এজিএম হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার হাজারীবাগ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
ফতুল্লায় ও গাজীপুরে দুজন খুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টিফার্স্ট নাইটের কনসার্টকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়। গাজীপুরের শ্রীপুরে কিশোররা এক ওষুধ ব্যবসায়ীকে বাড়ির সামনে মারধর করে ও পরে বাড়িতে ঢুকে ইটের আঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল।
রাজধানীতে দিনমজুরকে হত্যা ও গজারী বনে যুবকের লাশ
গ্রামের জমি নিয়ে বিরোধের জেরে রাজধানীতে গতকাল বৃহস্পতিবার দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গাবতলীর দ্বীপনগর এলাকায় মুকুল শেখ (৩৭)কে হত্যার অভিযোগ করেছে স্বজনরা। এদিকে কালিয়াকৈর উপজেলার পলানপাড়া এলাকায় গজারি বনে গতকাল এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি।
কাকরাইলে বাস চাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
রাজধানীর কাকরাইল মোড়ে গতকাল যাত্রীবাহী বাসের চাপায় আহত আরিফুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্যর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


