রাজা আসে রাজা যায়, জনগণের দিন বদলায় না: বদিউল আলম মজুমদার

স্টাফ রিপোর্টার

রাজা আসে রাজা যায়, জনগণের দিন বদলায় না: বদিউল আলম মজুমদার

ক্ষমতার হাতবদল হলেও দেশের শাসনব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয় না এবং সাধারণ মানুষের ভাগ্য অপরিবর্তিতই থেকে যায় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজা আসে রাজা যায়, কিন্তু দিন বদলায় না। জনগণের অবস্থা একই থাকে। জুলাই বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে যদি রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন না করা হয়, তাহলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত রাষ্ট্রের কাঠামোগত সংস্কার শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে যে রাষ্ট্রীয় কাঠামো টিকে আছে, সেটি পরিবর্তনে ক্ষমতাসীনেরা এক ধরনের চরম অনীহা দেখায়। কিন্তু দেশের সাধারণ মানুষের ভাগ্য ও জীবনযাত্রার প্রকৃত পরিবর্তনের জন্য এই শাসনকাঠামোর মৌলিক ও কাঠামোগত পরিবর্তন করা অত্যন্ত জরুরি।

সুজন সম্পাদক বলেন, সংস্কার প্রশ্নে বারবার যেই সংবিধানের দোহাই দেওয়া হয়, সেই সংবিধানের ধারা অনুযায়ী এই নির্বাচনও হওয়ার কথা ছিল না এবং এভাবে সরকার গঠনও সম্ভব ছিল না। তবে দেশের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই চূড়ান্ত, সেখানে সংবিধানে অন্য যা-ই লেখা থাকুক না কেন তাতে কিছু যায় আসে না। জনগণ গণভোটের মাধ্যমে যে ঐতিহাসিক মতামত দিয়েছে, রাষ্ট্র পরিচালনায় সেটি অক্ষরে অক্ষরে পালন করা সম্পূর্ণ বাধ্যতামূলক।

দেশের স্থানীয় সরকার ব্যবস্থার ওপর বিশেষ জোর দিয়ে সুজন সম্পাদক হুশিয়ারি উচ্চারণ করে বলেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সম্পন্ন করা না হলে এবং নির্বাচন ছাড়াই যদি বছরের পর বছর আমলা বা প্রশাসক দিয়ে এই ব্যবস্থা চালানো হয়, তবে সেটি সরাসরি সংবিধান পরিপন্থি কাজ হবে। একইসঙ্গে রাজনৈতিক দলীয় সরকারের অধীন জাতীয় নির্বাচন করার ভয়াবহ পরিণতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও মানুষের ভোটাধিকার কেমন বিপর্যয়ের মুখে পড়তে পারে, তা আমাদের প্রতিবেশী দেশ ভারতকে দেখে শিক্ষা নেওয়া উচিত।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর হতাশা প্রকাশ করে বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের সম্ভাবনা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। এই সংকটকালীন সময়ে দেশের নাগরিক সমাজকে কেবল দর্শক না থেকে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখতে হবে, তবেই হয়তো এই সংস্কার করা সম্ভব হবে।

সবশেষে জুলাই গণআন্দোলনের আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সংহতি জানিয়ে তিনি বলেন, বর্তমান সংসদ সফল হোক এবং এ দেশের সাধারণ মানুষ যেই আকাঙ্ক্ষা ও রক্তের বিনিময়ে জুলাই আন্দোলন করেছে, নতুন সংসদের মাধ্যমে সেই গণআকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন হোক।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...