আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাংবাদিকদের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ইরান-ইসরাইল যুদ্ধে শহীদ হয়েছেন ৪ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার

ইরান-ইসরাইল যুদ্ধে শহীদ হয়েছেন ৪ বাংলাদেশি

ইরান-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি শহীদ হয়েছেন। এই চারজনের মধ্যে বাহরাইনে একজন, দুবাইয়ে একজন ও সৌদি আরবে দুজন।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-ইসরাইল হামলায় দুবাইয়ে নিহত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা আহমদ আলীর লাশ গ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বিজ্ঞাপন

লাশ গ্রহণ শেষে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের এই সংকটের শুরু থেকেই যাত্রীদের থাকার ব্যবস্থা করাসহ তাদের সংকট নিরসনে সমন্বয় করে কাজ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছিলেন। আজও আমরা সৌদিতে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, টাঙ্গাইলের যিনি মারা গেছেন, তার পরিবারের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সহমর্মিতা এবং সহযোগিতা করা হবে। লাশ যেন পরিবারের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সে বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। কিশোরগঞ্জের যিনি মারা গেছেন, তার পরিবারের সঙ্গেও আমরা কথা বলেছি। এছাড়া এ পর্যন্ত আমাদের কাছে যেসব তথ্য আছে তাতে প্রায় ১৪ জনের মতো আহত হয়েছেন। আমাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো তাদের পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা মধ্যপ্রাচ্যে আছেন, তাদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যে স্থানগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে, সেই সব এলাকা এড়িয়ে চলার; যখন সতর্কতার সাইরেনসহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিকনির্দেশনা দিচ্ছে সেগুলো মেনে চলার। একই সঙ্গে আমরা একটা কথা বলব, এই দেশগুলোর সঙ্গে আমাদের দীর্ঘদিনের আর্থিক সম্পর্কসহ বাণিজ্যিক বিভিন্ন ধরনের সম্পর্ক আছে, কাজেই ওদের দেশের আইনবিরোধী কোনো কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় যেন না দেওয়া হয়।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমরা এখানে এসেছি খুবই হৃদয়বিদারক একটা অবস্থায়। বলার কিছুই নেই, আমরা সব সময় বলে এসেছি যে বাংলাদেশের কাছে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ আমাদের কর্মকর্তারা এবং নিহত আলী আহমেদের পরিবারের সদস্যরা আলী আহমদের লাশ তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নিয়ে যাবে। সরকারের পক্ষ থেকে যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায়, সেটা আমরা করার চেষ্টা করছি।’ এ সময় বিমানবন্দরে নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন