তরুণেরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: সমাজকল্যাণ মন্ত্রী

তরুণেরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: সমাজকল্যাণ মন্ত্রী

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তরুণেরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। এই তরুণদের শিক্ষিত ও দক্ষ করতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, পৃথিবীরও সম্পদ হবে।

বিজ্ঞাপন

বুধবার রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চাই, যা শুধু একটি ধারণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; আমরা এটি প্রতিষ্ঠা করতে চাই। এজন্য সমাজের সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সঠিকভাবে কাজে লাগাতে মন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং সবাইকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। যাদের ব্যবসা শুরু করার মতো আর্থিক সামর্থ্য নেই, তাদের সিড মানি দেওয়া হচ্ছে। এছাড়া, তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করার জন্য সরকার বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রেখেছে।

অনুষ্ঠানে আলোচকেরা বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্কিং বাড়াতে সবাইকে উৎসাহিত করেন। তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী ও পরিবর্তনে নেতৃত্বদানকারী হিসেবে ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, অ্য এম্বাসি অব দ্য কিংডম অব নেদারল্যান্ডসের প্রথম সচিব Jaouad Azaoui, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমের প্রতিনিধিরা।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন