ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবি এলএসপিদের

স্টাফ রিপোর্টার

ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবি এলএসপিদের

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় কাজ করা চার হাজার ২০০ লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবি জানিয়েছে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার।

আগামী ৭ জুনের মধ্যে দাবি পূরণ না হলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম বন্ধ রাখা হবে। পাশাপাশি কর্মসূচি ঘোষণা করে আমরণ অনশন ও ঘেরাও কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ সময় সংগঠনের সদস্যসচিব শরীফ হোসেন বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে গত প্রায় সাত বছর ধরে চার হাজার ২০০ প্রশিক্ষিত এলএসপি মাঠপর্যায়ে কাজ করে আসছে। ফলে খামারিদের প্রাণিসম্পদ সেবা প্রদান, নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক প্রাণিসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ক্ষুরা রোগ (এফএমডি), লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি), পিপিআর ও অ্যানথ্রাক্সসহ বিভিন্ন প্রাণঘাতী রোগ নিয়ন্ত্রণে এলএসপিরা স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর সেবা দিয়েছেন।

তিনি আরো বলেন, প্রকল্পটির মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়ে যাওয়ায় এলএসপিদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রকল্প চলাকালে তারা স্থায়ী কর্মসংস্থানের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করে আসছি। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে কর্মসংস্থানের বিষয়ে দুই দফা সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এতে করে এলএসপিরা পরিবার-পরিজন নিয়ে হতাশার মধ্যে রয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন