নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অ-পাহাড়ী প্রতিমন্ত্রী প্রত্যাহার ও দপ্তর পুনর্বণ্টনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।
সংগঠনটির দুই যুগ্ম সমন্বয়কারী মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন সরকার ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিতকরণ অগ্রাধিকার পাবে।
তারা উল্লেখ করেন, নবগঠিত মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন পাহাড়ীকে পূর্ণমন্ত্রী করা হলেও পাশাপাশি একজন অ-পাহাড়ীকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, যা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পর বিএনপি সরকার পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানে জনসংহতি সমিতির সঙ্গে সংলাপ শুরু করে। এর ধারাবাহিকতায় ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। ২০০১ সালে পুনরায় ক্ষমতায় এসে বিএনপি সরকার চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা রাখে বলেও উল্লেখ করা হয়।
নেতৃবৃন্দ দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলার তিনটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয় পাহাড়ের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বহুজাতিক “রেইনবো নেশন” ধারণাকে বাস্তবায়ন করতে হলে পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত সংশোধন করা প্রয়োজন।
বিবৃতিতে অ-পাহাড়ী প্রতিমন্ত্রীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে দপ্তর পুনর্বণ্টনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে তারা প্রত্যাশা ব্যক্ত করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতোই প্রধানমন্ত্রী তারেক রহমানও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া সচল রাখতে রাষ্ট্রনায়কোচিত ও বিচক্ষণ ভূমিকা রাখবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

