পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জির প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল-বিদা, ঈদ-উল ফিতর, এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ২৬ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এদিকে সংশোধিত শিক্ষাপঞ্জী অনুযায়ী এসব স্কুলে সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ব্যতীত বছরে মোট ছুটি থাকবে ৬৭ দিন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে- কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেয়া যাবে না এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে।
প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করতে হবে।
জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ- ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদ্যাপন করতে হবে।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বন্ধ ঘোষণা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


রমজানে স্কুল বন্ধ রেখে ছুটির সংশোধিত তালিকা প্রকাশ