অভিযোগ আছে—অনেক বিচারক দুই-তিন ঘণ্টা আদালত করেন: আইনমন্ত্রী

অভিযোগ আছে—অনেক বিচারক দুই-তিন ঘণ্টা আদালত করেন: আইনমন্ত্রী
ছবি: ভিডিও থেকে নেওয়া

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘কোনো কোনো জায়গায় এমন অভিযোগ আছে, বিচারকদের কেউ কেউ দুই-তিন ঘণ্টা আদালত করেন। বেলা ১১টায় আসেন, দুপুর দেড়টা-দুটোর মধ্যে কাজ শেষ করে চলে যান।’

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিএমএম কোর্টে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণ বিচারকদের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, ‘ন্যায়বিচারের জায়গাটাকে যদি সত্যিকার অর্থে মানুষের আস্থা ও ভরসার জায়গায় পরিণত করতে হয়, তাহলে আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং ডিজিটাল সেক্টর। এআইকে মোকাবিলা করতে হলে ডিজিটাল সেক্টরে আমাদের আরও বেশি পারদর্শী হতে হবে। বিশেষ করে আমাদের তরুণ বিচারকেরা অনেক বেশি স্মার্ট। আমি বিশ্বাস করি, তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং এআইকে সামনে নিয়ে যাবেন।’

তিনি আরও বলেন, ‘ন্যায়বিচারের ক্ষেত্রটাকে মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গায় নিয়ে যেতে চাই। দেশে ৪৬ লাখের ওপরে মামলা পেন্ডিং রয়েছে। এই বিশালসংখ্যক মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকদের ওপর অমানবিক চাপ পড়েছে। এই চাপ কমানোর জন্য আমরা কাজ করছি।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা এরই মধ্যে ই-বেইল বন্ড চালু করেছি। এর সুফল জনগণ পাওয়া শুরু করেছে। আমাদের একটা আইন আছে, সেটা হলো ডিজিটালি সাক্ষ্য নেওয়া এবং ডিজিটালি হাজিরা দেওয়া। আমরা চিন্তা করছি, এটাকেও কীভাবে ডিজিটালি আনা যায়। এরই মধ্যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো কোনো আসামির ক্ষেত্রে ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে। ওনারা হাজিরা দেবেন, ধার্য তারিখে কারাগারে থাকবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন