ওমান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন মাস্কাটে অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) সাইডলাইনে বৈঠক করেছেন। তারা বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র উপদেষ্টা ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আলবুসাইদির সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে উভয়পক্ষই দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সন্তোষ প্রকাশ করে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী যথাযথভাবে উদ্যাপন উপলক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তার ওমানি প্রতিপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র উপদেষ্টা চিকিৎসক, প্রকৌশলী, আইটি পেশাদার এবং নার্সের মতো বাংলাদেশি পেশাদারদের নিয়োগে ওমান সরকারের বিবেচনার জন্য অনুরোধ করেন। তিনি জ্বালানি খাতে সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ থেকে জাহাজ নির্মাণে প্রযুক্তিবিদ নিয়োগের অনুরোধও করেন তিনি।
এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান আল মুরাইখির সঙ্গে বৈঠকে কাতারে অধিকসংখ্যক বাংলাদেশি প্রবাসীর আতিথেয়তার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান। তিনি সম্ভাব্য নিয়োগের জন্য পেশাদারদের সঙ্গে দেখা করতে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র উপদেষ্টা কাতারের বিনিয়োগকেও স্বাগত জানান এবং উভয়পক্ষই বিনিয়োগের খাত চিহ্নিত করতে কাতারের বেসরকারি খাত থেকে বাংলাদেশে সফরের গুরুত্ব তুলে ধরেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

