ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার আসন্ন ঈদে পুলিশের সতর্ক থাকার প্রতি গুরুত্ব আরোপ করে বলেছেন, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে। এবার ঈদে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে, যাতে যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত হয়। তিনি বলেন, ঈদে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে চলে যাবে। এ সময়ে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি বা অন্যান্য অপতৎপরতা সংঘটিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শতভাগ সততা বজায় রেখে পুলিশ সদস্যকে তার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে যাতে পুলিশের ভাবমূর্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটানোর প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, ঈদ যাত্রাকালীন সময়ে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাট এই প্রধান বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি ও তদারকি করতে হবে। ঈদের ছুটিকালীন ঢাকা শহরে বিট অনুযায়ী পেট্রোল ডিউটি বাড়াতে হবে, যাতে শহরের প্রতিটি এলাকায় পুলিশের উপস্থিতি ও টহল বৃদ্ধি পায়। ঈদের বাজার ও শপিং মলগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা সঠিকভাবে কাজ করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ ও নিশ্চিত করতে হবে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
মাসিক অপরাধ সভায় ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

