জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রদবদল ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পর্যায়ের ১০ কর্মকর্তাকে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনক্রমে জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, এতদিন এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করা শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়েছে।
অন্যদিকে, মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) এবং অতিরিক্ত দায়িত্বে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে দায়িত্ব পালন করা মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে শাহনুর আহমেদ বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ ও গ্রাহকসেবা আরো কার্যকর ও গতিশীল করতে কাজ করবেন তিনি। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা বিমানের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উন্নতির প্রয়োজনীয় ক্ষেত্রগুলোও সামনে আনেন। দায়িত্ব পালনে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে।
অন্য এক আদেশে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজাকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্সোনেল বিভাগের উপমহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহমেদকে মূল দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
পোল্ট্রি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক এ এইচ এম শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে।
উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জহুরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ তাকে উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বোয়িং ৭৮৭ উড়োজাহাজের ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেনকে মূল দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা), করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
উপমহাব্যবস্থাপক (হিসাব) এম এম আরিফুর রহমানকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের উপমহাব্যবস্থাপক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। আর বিএফসিসির উপমহাব্যবস্থাপক এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


