ফেসবুক আইডিতে লগইন সংক্রান্ত সমস্যার কারণে নিজের আইডি ডিঅ্যাকটিভ করে নতুন আইডি ব্যবহার করছেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের অন্যতম সদস্য ফাতিমা তাসনিম জুমা। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জুমা জানান, তার ফেসবুক আইডিতে কিছুদিন ধরে লগইন করতে সমস্যা হচ্ছিল। এ কারণে তিনি আইডিটি ডিঅ্যাকটিভ করে নতুন একটি আইডি ব্যবহার শুরু করেছেন।
এদিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের সবাই তো বর্তমানে পলাতক রয়েছে। তাদের তো আর কোনো কাজ নাই। সারা দিন ফেসবুক আর ইউটিউব নিয়েই কাজ তাদের। তারা রাস্তায় বের হতে পারছে না। সুতরাং, তারা যেই কাজটা করতেছে, বারংবার রিপোর্ট দিয়ে আমাদের আইডিগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ইতিপূর্বে একবার আমার আইডিতেও আমি বেশ কিছুদিন লগইন করতে পারি নাই এবং আমাদের বিভিন্ন ভাই-বোন এবং ইনকিলাব মঞ্চের পেজগুলো তাদের অত্যাধিক রিপোর্টের কারণে লগইন করতে আমাদের সমস্যা হচ্ছিল।’
পুলিশের কাছে থাকা ডিভাইসে লগইন করা আইডিগুলোও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন জাবের।
তিনি বলেন, ‘পুলিশের কাছে আমাদের যেই ফোনগুলো রয়েছে, যমুনার সামনে থেকে আমাদের যেই ফোনগুলো তারা নিয়েছে, ওখানে যেই আইডিগুলো লগইন করা ছিল, আস্তে আস্তে সেই আইডিগুলো হারিয়ে যাচ্ছে। সেগুলোর নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলছি। তাদের কাছে বারংবার অনুরোধ করা সত্ত্বেও তারা এখন পর্যন্ত সেই ফোনগুলো আমাদের কাছে হস্তান্তর করছে না। এটা অত্যন্ত আশঙ্কার বিষয় যে ভেতর থেকে কেউ এই কাজগুলো করবার চেষ্টা করছে কি না।’
এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজনকে ভারতের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) গ্রেপ্তার করার খবর প্রকাশের পর জুমা তার ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে: জাবের