পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হতে হবে।

বিজ্ঞাপন

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তুলতে পারব।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যেকোনো রাস্তাঘাটই হোক, যেকোন এলাকায় হোক, যেকোনো জেলা শহরের এলাকায় হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে, যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে।

তারেক রহমান বলেন, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে ৩০-৪০ বছর আগে দৃশ্যটা এমন ছিল না। কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু অথবা আমার-আপনার খাওয়া চিপসের প্যাকেট অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেলের প্লাস্টিকের বোতলটি অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে—সেই বোতলটি; এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে।

সরকারপ্রধান বলেন, কোনো জায়গায় একটু জমা হয়ে আছে অথবা লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না। আমাদের কারো কাছেই ভালো লাগতো না।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার-সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ ও সুস্থ পরিবেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন