ওয়েস্ট ইন্ডিজ-বিসিবি একাদশ প্রস্তুতি ম্যাচ

কালামের সেঞ্চুরির পর হোসাইনের ৪ উইকেট

কালামের সেঞ্চুরির পর হোসাইনের ৪ উইকেট

তরুণ ক্রিকেটারদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ লড়াই করেছে বিসিবি একাদশ। ব্যাট হাতে কালাম সিদ্দিকী অলিনের দুর্দান্ত সেঞ্চুরির পর বল হাতে অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার মো. হোসাইনের চার উইকেটে ক্যারিবীয়দের ভালোভাবেই চাপে রেখেছে স্বাগতিকরা। তবে অনুমিতভাবেই ম্যাচ ড্র হয়েছে।

বিজ্ঞাপন

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৬ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে।

বিসিবি একাদশের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন কালাম। ১৮৪ বলে ২০টি চার ও এক ছক্কায় খেলেছেন ১৩৫ রানের দারুণ ইনিংস। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পায় বিসিবি একাদশ।

ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জিশান আলমও। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১০০ বলে ৮৬ রান করেন এই ওপেনার। এছাড়া চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৫৯, অধিনায়ক জাকের আলী অনিক ৩০ এবং শামীম হোসেন পাটোয়ারী ৩০ বলে অপরাজিত ৩৫ রান করেন।

ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ৪০ ও জন ক্যাম্পবেল ৬৫ রান করে দলকে এগিয়ে নেন। ক্যাম্পবেল স্বেচ্ছায় মাঠ ছাড়লে তেজনারায়ণ চন্দরপল নেমে করেন ৩১ রান।

কেভিন উইকহ্যাম ও অধিনায়ক রোস্টন চেজের অবিচ্ছিন্ন জুটি ওয়েস্ট ইন্ডিজকে ভালো অবস্থানে নিয়ে যায়। উইকহ্যাম ১০৭ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। চেজের ব্যাট থেকে আসে ৬৫ বলে অপরাজিত ৪৬ রান। তাদের প্রতিরোধে ৩৩৬ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা।

বিসিবি একাদশের হয়ে ১২.২ ওভারে ৫৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন হোসাইন। অনিক দেববর্মা নেন একটি উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন