মাঠে নামলেই চার-ছক্কার ফুলঝুরি ছোটানো এবং নতুন রেকর্ড নিজের করে নেওয়া যেন ভারতীয় দলের বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মার অভ্যাসে পরিণত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঠিক এমনই এক কীর্তি গড়েছেন এই বাঁহাতি ব্যাটার। ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক বিশ্বরেকর্ড এখন এককভাবে নিজের নামের পাশে লিখে নিয়েছেন তিনি।
ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে কিউইদের দেওয়া পাহাড়সমান ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক। স্বাগতিক পেসার ম্যাট হেনরির করা ম্যাচের প্রথম বলটিকেই কভার অঞ্চলের ওপর দিয়ে সরাসরি গ্যালারিতে পাঠান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের ইনিংসের মুখোমুখি হওয়া প্রথম বলে এটি তার সপ্তম ছক্কা। এই ছক্কার সুবাদেই আফগানিস্তানের তারকা ক্রিকেটার শফিকুল্লাহ শিনওয়ারিকে পেছনে ফেলে বিশ্বরেকর্ডটির মুকুট এককভাবে নিজের দখলে নেন ভারতীয় এই ওপেনার।
এর আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসের প্রথম বলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন শফিকুল্লাহ ও অভিষেক। শফিকুল্লাহর ক্যারিয়ারে এমন ছক্কা রয়েছে ৬টি এবং ভারতেরই সূর্যকুমার যাদবের রয়েছে ৫টি।
রেকর্ড গড়ার পর নিজের ইনিংসটি খুব বেশি লম্বা করতে না পারলেও দলের জয়ে দারুণ এক অবদান রাখেন অভিষেক। দলের চরম প্রয়োজনে মাঠে নেমে মাত্র ১২ বল মোকাবেলা করে ২৯ রানের কার্যকরী ক্যামিও ইনিংস খেলেন তিনি। তার এই ঝোড়ো ইনিংসে দুটি চারের সঙ্গে ছিল তিনটি নান্দনিক ছক্কার মার। শেষ পর্যন্ত মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হলেও তার এই রেকর্ড ভাঙা সূচনা ভারতের জয়ের পথ বেশ সহজ করে দিয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

