ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচ ট্রাস্ট) সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বঙ্গভবনে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি উল্লেখ করেন, তিনি নিজেও অনেক দরিদ্র রোগীকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং প্রতিষ্ঠানটি তাদের চিকিৎসাসেবায় পূর্ণ সহযোগিতা করেছে। এজন্য ট্রাস্টের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক অগ্রগতিতে সহায়তা চাওয়া হলে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দেন।

এ সময় আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য ‘ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেজিলিয়েন্ট বাংলাদেশ: লিডিং দ্য ফিউচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতির হাতে আমন্ত্রণপত্র তুলে দেন প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক অধ্যাপক ডা. ওমর শরীফ ইবনে হাসান এবং জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন