ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

বিবিসি বাংলা

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি

ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১১ মে) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বিভিন্ন সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয় ৮৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বৈরী আবহাওয়ার সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে পুনরায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন