দেশের ছয় জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যার প্রভাবে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে এ অবস্থার মধ্যে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর—সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সংস্থাটি জানায়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পরবর্তী দুই দিনে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সংস্থাটি আরও জানায়, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও রাতে সামান্য বাড়তে পারে। রোববার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আর সোমবার তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আবার বাড়তে পারে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

