আবহাওয়া দপ্তরের ভাষায়-২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারী বৃষ্টিপাত।
আবহাওয়া দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়- গত ২৪ ঘণ্টায় সংস্থাটির ৫১ কেন্দ্রের ২২টিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আরও ১০-১৫টি কেন্দ্র এলাকায় ভারী বৃষ্টিপাতের কাছাকাছি পরিমাণ বৃষ্টি হয়েছে।
সংস্থাটি বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানীসহ দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এছাড়া মৌসুমি বায়ুও বেশ সক্রিয় থাকার কারণে বেড়েছে বৃষ্টির পরিমাণ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার দিনভর সারাদেশে বৃষ্টি থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা সকালে আমার দেশকে বলেন, গভীর নিম্নচাপটির প্রভাব ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, ওডিশা এবং বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে আজ সারা দিন কম বেশি বৃষ্টি হতে পারে।
সংস্থাটি এরইমধ্যে দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে। গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। তাই সমুদ্র এলাকায় মাছ ধরার ট্রলার বা নৌকাকে সাবধানে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকাতেও কমবেশি বৃষ্টি হবে। বৃষ্টি আগামী অন্তত দুই দিন থাকতে পারে, তবে তা বিচ্ছিন্নভাবে।
আজ ভোর ছয়টা থেকে আটটা নাগাদ রাজধানীতে ভারী বৃষ্টি হয়েছে । ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ভোলায় ৮৪ মিলিমিটার।
সংস্থাটি বলছে, সাধারণত অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত দেশে মৌসুমি বায়ুর প্রভাব থাকে। এর মাঝে কখনো কখনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়।
এবারের গভীর নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়। এর প্রভাব প্রথম দিকে দেশের উপকূলীয় অঞ্চলে বেশি দেখা গেলেও এখন দেশের উত্তরাঞ্চলে প্রভাব বিস্তৃত হয়েছে। এতে আজ উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


