আজও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে ঢাকার বাতাস। শীত মৌসুম শেষ হয়ে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির অভাব ও শুষ্ক আবহাওয়ার কারণে শহরটিতে বায়ুদূষণের মাত্রা এখনো তুলনামূলক বেশি। তবে গত দুই দিনের তুলনায় দূষণ কিছুটা কমেছে।
রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে প্রকাশিত আইকিউএয়ারের বায়ুমান সূচক একিউআই অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নবম। এ সময় শহরটির বায়ুমান সূচক ছিল ১৬১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
তালিকার শীর্ষে রয়েছে লাহোর। শহরটির বায়ুমান সূচক ২৮২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ স্তরে রয়েছে। একই দেশের করাচি শহরের অবস্থান অষ্টম, যেখানে একিউআই স্কোর ১৬৩।
অন্যদিকে ভারতের দিল্লি ২৪১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। একই দেশের কলকাতা রয়েছে সপ্তম স্থানে, যেখানে বায়ুমান সূচক ১৭১।
এছাড়া ১৮৯ স্কোর নিয়ে কাঠমান্ডু তৃতীয়, ১৭৯ স্কোর নিয়ে কিনশাসা চতুর্থ, ১৭৪ স্কোর নিয়ে ডাকার পঞ্চম এবং ১৭১ স্কোর নিয়ে ইয়াঙ্গুন ষষ্ঠ স্থানে রয়েছে।
বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে তা ভালো, ৫১–১০০ মাঝারি এবং ১০১–১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১–২০০ হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
আর ২০১–৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়। ৩০১–৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

