সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এদিকে ভারী বর্ষণে ফেনী জেলার মুহুরি ও সেলোনিয়া নদীর পানি সমতল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এতে করে ওই জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা- দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এর আগে গতকাল মঙ্গলবার সকালেও এই চারটি বিভাগের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন