শ্রাবণের আকাশ যেন অনেকটাই রহস্যময়। বাতাসে আর্দ্রতার মৃদু শিহরণ আর দিগন্তজোড়া মেঘের আনাগোনা জানান দিচ্ছে, প্রকৃতি তার রূপ পরিবর্তনের প্রহর গুনছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি এখন দুর্বল হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় স্থিতি নিয়েছে। যদিও এ লঘুচাপটি সরাসরি কোনো নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা নেই, এরপরও এটিই যেন শ্রাবণে সূচক হয়ে বৃষ্টি ঝরাতে সহায়তা করছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের আকাশ জুড়ে মেঘের ঘনঘটা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার সারা দেশেই কমবেশি বৃষ্টি হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, শনিবার সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদদের মতে, লঘুচাপটির আয়ু হয়তো ফুরিয়ে আসবে দ্রুতই, কিন্তু এর ঠিক পরেই শুরু হবে আসল নাটকীয়তা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তার সব শক্তি সঞ্চয় করে যেন সজল ডানা মেলবে আকাশে। আগামী ২০ থেকে ২৫ জুলাইÑএ পাঁচদিন দেশজুড়ে টানা অঝোর ধারায় বর্ষণের কথা বলে রেখেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
বঙ্গোপসাগর এখন আর শান্ত নেই। লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে উপকূলীয় এলাকায়। এ পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য জারি করা হয়েছে এক নম্বর সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলে থেকে সাবধানে চলাচল করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে; বৃষ্টি আরো বাড়বে দুয়েকদিন পর। তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। ২০ জুলাইয়ের পর দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বৃষ্টির প্রবণতায় দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট কিছুটা কমেছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও গত কয়েকদিনের তুলনায় এটি কিছুটা কম ছিল।
প্রকৃতি এখন এক সন্ধিক্ষণে। ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত আকাশজুড়ে মেঘের যে মেলা বসবে, তা একদিকে যেমন আশীর্বাদ হয়ে কৃষকের মুখে হাসি ফোটাবে, অন্যদিকে পাহাড়ি জনপদে নিয়ে আসতে পারে সতর্কতার বার্তা। তাই সময় থাকতেই সচেতন হওয়া জরুরি বলে মনে করেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

