কয়েক দিনের টানা বৃষ্টির মধ্যেই আবারো রাজধানী ঢাকাসহ চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সন্ধ্যা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
অতিভারী বর্ষণের কারণে সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেইসাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
রোববার সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২৩৬ মিলিমিটার। আর ঢাকায় বিকাল ৩ নাগাদ বৃষ্টিপাত ৩১ মিলিমিটার। এদিন রাজশাহী ও যশোর সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বোচ্চ ৩২ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে-ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

