রাজধানীতে কমলেও সারাদেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে

রাজধানীতে কমলেও সারাদেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই ভারী থেকে অতিভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এ অবস্থা আরো ৩-৪দিন চলার পর সারাদেশে কিছুটা কমলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অন্যদিকে বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের প্রধান নদ-নদীসমূহের পানি সমতল সতর্কসীমায় কিংবা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বৃদ্ধি পাচ্ছে। ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাতের ফলে আরো বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বুধবার সারাদেশেই কমবেশি বৃষ্টি হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বেশি বৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় সবচেয়ে বেশি ১৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এরপর হাতিয়া ১৪৪, কক্সবাজারে ১১১, চট্টগ্রামের আমবাগান ১০৬, খুলনায় ৬৬ ও বরিশালে ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়। তবে আগের দিনের তুলনায় ঢাকায় কম বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাজধানীতে ৩৮ মিলিমিটার বৃষ্টি হলেও গতকাল বুধবার বৃষ্টি হয়েছে মাত্র ১৩ মিলিমিটার।

আবহাওয়াবিদ একেএম বলেন, বৃহস্পতিবারও রাজধানীতে কম বৃষ্টির সম্ভাবনা। তবে সারাদেশেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা অব্যাহত রয়েছে। এ অবস্থা ২৩ কিংবা ২৪জুন নাগাদ চলতে পারে। এরপর বর্ষণের মাত্রা কমলেও একেবারে বৃষ্টি নাই হবে না। চলতি মাসের শেষ নাগাদ চলতে পারে।

ভারী থেকে অতি ভারি বৃষ্টিতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কক্সবাজার, কুমিল্লা,ভোলা, বরিশাল, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে জনগণকে ভোগান্তি পড়তে হয়।

বৃষ্টিপাতের শ্রেণি: ২৪ ঘণ্টায় হালকা: ১-১০ মিলিমিটার, মাঝারি ধরনের: ১১-২২ মিলিমিটার, মাঝারি ধরনের ভারি: ২৩-৪৩ মিলিমিটার, ভারি: ৪৪-৮৮ মিলিমিটার, অতি ভারি: ৮৮ মিলিমিটারের বেশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন