সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে। সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি অবস্থায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত) দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বগুড়ায়—১১৯ মিলিমিটার। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল, সিরাজগঞ্জের বাঘাবাড়ী ও কুষ্টিয়ার কুমারখালীতে—৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে টাঙ্গাইলে—২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

