দুই দিনের টানা ঘন কুয়াশা ও তীব্র শীতের পর শনিবার থেকে দেশের অধিকাংশ অঞ্চলে সূর্যের দেখা মিলেছে। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। আজ ও আগামীকাল তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে তার পরদিন দেশের তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সকালে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সারা দেশে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে। এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
আগামীকাল সকালেও একই আবহাওয়া বিরাজ করতে পারে। তবে মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

