দেশের ১৫ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘচুাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটয়ুাখালী জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া এই সময়ে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি বার্তায় বলা হয়েছে, চলতি মাসে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস মাঝারি এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তীব্র তাপপ্রবাহ বলা হয়।
পূর্বাভাসে আরো বলা হয়, এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া এ মাসে বিক্ষিপ্তভাবে শিলাসহ পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি এবং এক থেকে তিন দিন প্রচণ্ড কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


দুপুরের মধ্যে শক্তিশালী ঝড়-বৃষ্টির আভাস