তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন

তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন
ছবি: সংগৃহীত

ইসরাইলের তেল আবিবে আবারও ফ্লাইট চালুর অনুমোদন পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উড়োজাহাজ সংস্থা ফ্লাইদুবাই। দেশটির পরিবহনমন্ত্রী মিরি রেগেভ সোমবার এ অনুমোদন দেন। তবে ফ্লাইট চলাচল শুরুর জন্য এখনো ইসরাইলের নিরাপত্তা কর্তৃপক্ষের ছাড়পত্র প্রয়োজন। ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে ফ্লাইট চালু হতে পারে।

বিজ্ঞাপন

প্রায় দুই মাস আগে ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহকারী পাইলটের বিরুদ্ধে বিমানের ক্যাপ্টেনকে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার তদন্ত শুরু করে সংস্থাটি। এরপর গত ৩০ সেপ্টেম্বর তেল আবিবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় তারা।

ইসরাইলি পরিবহন মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বেন-জাকেনের নেতৃত্বে দেশটির কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল গত ১৬ নভেম্বর দুবাইয়ে আমিরাতের বিমান চলাচলবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে দুবাই ও তেল আবিবের মধ্যে বিমান চলাচল পুরোপুরি চালু করতে সম্ভাব্য নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বলা হয়, বৈঠকে ফ্লাইদুবাইয়ের পক্ষ থেকে ঘটনার পর নেওয়া পদক্ষেপগুলো পরিবহনমন্ত্রীকে জানানো হয়েছে। এসব পদক্ষেপ পর্যালোচনার পর নিরাপত্তা কর্তৃপক্ষের ছাড়পত্র সাপেক্ষে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট চালুর অনুমোদন দেন রেগেভ।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, এ সিদ্ধান্ত ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। পাশাপাশি যাত্রীদের জন্য ফ্লাইটের বিকল্পও বাড়বে।

ঘটনার সূত্রপাত একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানে। ওই বিমানে কী ঘটেছিল, তা তদন্ত করতে গিয়ে ফ্লাইদুবাই তেল আবিবে ফ্লাইট বন্ধ করে দেয়। একই সময়ে ইসরাইলের বিমান সংস্থাগুলোও দুবাইয়ে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। ফলে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আবুধাবিগামী ফ্লাইট পরিচালনাকারী ইতিহাদই একমাত্র বিমান সংস্থা হিসেবে চলাচল অব্যাহত রাখে বলে ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে।

ঘটনার সময় বিমানটির সহকারী পাইলট ছিলেন ওমানের নাগরিক। বিমানটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরে জরুরি অবতরণ করলে তাকে গ্রেপ্তার করা হয়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছিলেন, ওই সহকারী পাইলট বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন এবং ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে আক্রমণ করেছিলেন। ক্যাপ্টেন স্মিত মাচ্ছার ভারতের নাগরিক।

ইসরাইলের ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনের আগে সম্ভাব্য হামলার বিষয়ে নেতানিয়াহু সতর্ক করার এক দিন পর বিমানেটিতে এ জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...