বামপন্থিদের জিয়া-বিদ্বেষ

বামপন্থিদের জিয়া-বিদ্বেষ
জিয়াউর রহমান ও আবু তাহের। ছবি: সংগৃহীত

দেড় দশকের বেশি সময় পর বেশ আড়ম্বরের সঙ্গে পালিত হলো ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। আওয়ামী লীগ ও বামপন্থি বুদ্ধিজীবী মহল এই দিনকে একটি সামরিক অভ্যুত্থান বা ক্ষমতা দখলের দিন হিসেবে উপস্থাপন করে আসছিল। এই দিনের সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন যে জড়িত ছিল, তা অনেকটা ভুলিয়ে দেওয়া হয়েছিল। বামপন্থিদের নিয়ন্ত্রিত বাংলাদেশের গণমাধ্যম ৭ নভেম্বরের মহানায়ক জিয়াউর রহমানকে ইতিহাসের খলনায়ক আর খালেদ মোশাররফ ও কর্নেল তাহেরকে জাতীয় বীর হিসেবে তুলে ধরেছিল। যদিও খালেদ মোশাররফ ও কর্নেল তাহেরের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত মেরুতে।

বিজ্ঞাপন

কর্নেল তাহেরের লক্ষ্য ছিল সমাজতান্ত্রিক বিপ্লবী রাষ্ট্র গড়ে তোলা। অন্যদিকে, খালেদ মোশাররফ ছিলেন উচ্চাকাঙ্ক্ষী এক সেনা কর্মকর্তা, যিনি ক্ষমতা দখলের জন্য মরিয়া ছিলেন। তার কোনো আদর্শিক লক্ষ্য ছিল না। তার ভাই ও মায়ের কারণে ভারতপন্থি হিসেবে পরিচিতি পাওয়া খালেদ মোশাররফ মুজিব হত্যার সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের সঙ্গে যেমন আপস-মীমাংসা করে তাদের বিদেশে পাঠিয়েছিলেন, তেমনি রাষ্ট্র তার নিয়ন্ত্রণে থাকার সময় ৩ নভেম্বর জেলহত্যার ঘটনাও ঘটে। জিয়াউর রহমানের ওপর প্রতিশোধপরায়ণ মানসিকতা থেকে আওয়ামী লীগ ও বামপন্থিরা খালেদ মোশাররফকে একজন বীর হিসেবে তুলে ধরেছিল।

জিয়াউর রহমানকে কলঙ্কিত করার ইতিহাস প্রকল্পের অংশ হিসেবে গণপ্রত্যাখ্যাত বাম ও ভারতপন্থি বুদ্ধিজীবীরা একসঙ্গে তার চরিত্র হননের কাজটি করে চলেছেন। নতুন প্রজন্মের কাছে এই দিনকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছিল। হাসিনার দেড় দশকের শাসনামলে ৭ নভেম্বর নিয়ে এ দেশের বুদ্ধিজীবীরা বিকৃত ইতিহাসচর্চায় নিজেদের নিয়োজিত রেখেছিলেন।

বামপন্থিরা দাবি করেন, জিয়াউর রহমানকে জাসদ বা বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যরা উদ্ধার করেছিলেন। পরবর্তী সময়ে জিয়াউর রহমান জাসদ ও তাহেরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। কিন্তু সে সময়ের সেনা কর্মকর্তারা বলছেন, জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্টের সৈনিক ও কর্মকর্তারা। এ কাজে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন লেফট্যানেন্ট কর্নেল এ কে এম মহিউদ্দীন, যাকে শেখ হাসিনা পরবর্তী সময়ে মুজিব হত্যা মামলায় ফাঁসি দিয়ে ছিলেন। ফোর বেঙ্গলও জিয়াউর রহমানকে উদ্ধারের চেষ্টা করেছিল। ওই দুটি ব্যাটালিয়নের সদস্যরা তাকে অন্য কোথাও যেতে দেননি। টু ফিল্ড তাকে আগেই উদ্ধার করে নিয়ে আসে।

বিবিসির প্রখ্যাত সাংবাদিক সিরাজুর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে বেগম খালেদা জিয়া সেদিনের ঘটনার বিবরণ দিয়েছিলেন। সেখান থেকেও ধারণা পাওয়া যায়, জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যরা নন, সাধারণ সৈনিকরাই জিয়াউর রহমানকে উদ্ধার করেছিলেন।

বেগম খালেদা জিয়া বলেন, “৭ তারিখ রাতে—রাত প্রায় ১২টার সময় থেকে একটু একটু গোলাগুলির শব্দ হচ্ছিল। ব্যাপারটা কী, বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ গোলাগুলি চলার পর আমরা শুনতে পারলাম, কতগুলো স্লোগান হচ্ছে—‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’Ñএ রকম স্লোগান হচ্ছে। আস্তে আস্তে সেটি বাড়তে লাগল। একপর্যায়ে দেখলাম, সবাই এদিকে আসছে, আমাদের বাসার দিকে আসছে। আমার গেট বন্ধ ছিল। সে গেটটা একদম ভেঙে ফেলার মতো অবস্থা। শেষ পর্যন্ত গেটটা ভেঙেই ফেলল। আমাদের সামনের দরজা ভেঙে সবাই হুড়মুড় করে বাসায় ঢুকে বলল, ‘স্যার কোথায়?’ আমার স্বামী তখন বেরিয়ে এলেন, ওদের সঙ্গে কথা বললেন। তারপর তারা তাকে কাঁধে তুলে নিয়ে চলে গেল। তার নামে স্লোগান দিচ্ছিল তারা। আর ‘নারায়ে তাকবির’। তাকে তারা জোর করে, একদম যে অবস্থায় ছিলেন, সেভাবেই তুলে নিয়ে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, ‘কোথায় তোমরা তাকে তুলে নিয়ে যাচ্ছো?’ তারা বলল, ‘আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তাকে নিয়ে যাচ্ছি, তিনি ভালো থাকবেন।’”

কতক্ষণ পরে এসে তার ইউনিফর্ম নিয়ে গেল তারা। তারা বলল যে আমার স্বামী আর্টিলারি রেজিমেন্টে আছেন। সারাদিন তিনি ওখানেই ছিলেন। মাঝে কতক্ষণ পরপর লোকজন আসে, খবর দেয় তিনি ভালো আছেন। এ রকমভাবেই চলল কয়েক দিন। (সিরাজুর রহমান/ ইতিহাস কথা কয় ও নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ)

কর্নেল তাহের কথিত বিপ্লবী সরকার গঠনের লক্ষ্যে জিয়াউর রহমানকে ক্ষমতা দখলের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। সেনাবাহিনীতে শ্রেণিসংগ্রামের রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে তিনি অনেক আগে থেকেই চেইন অব কমান্ড ভেঙে ফেলার চেষ্টা করেন। কর্নেল তাহেরের বিভ্রান্ত রাজনীতির অনুসারী সৈনিকরা সেদিন ‘সিপাহি সিপাহি ভাই ভাই, অফিসারের রক্ত চাই। সিপাহি জনতা ভাই ভাই, অফিসারদের রক্ত চাই’Ñযে স্লোগান দিয়েছিলেন, তা ছিল এই রাজনীতিরই অংশ।

তিনি বিশ্বাস করতেন, বিদ্যমান রাষ্ট্রযন্ত্র ভেঙে ফেলতে হবে। তার কর্মপরিকল্পনা ছিল, বিপ্লবী সৈনিকরা চরমপন্থি রাজনৈতিক শক্তির সঙ্গে মিলে সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক ও সামাজিকব্যবস্থা প্রতিষ্ঠা করবেন। নৈরাজ্যবাদী প্রক্রিয়ায় ক্ষমতা দখলের অংশ হিসেবে তারা জিয়াউর রহমানকে ব্যবহার করার উদ্দেশ্যে ক্যান্টনমেন্ট থেকে বের করে আনার চেষ্টা করেন।

পেশাদার সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ঠিকই বুঝেছিলেন, সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে কথিত বিপ্লবী সরকার গঠনের চেষ্টা শুধু সেনাবাহিনীকে ধ্বংস করবে না, দেশের সার্বভৌমত্ব রক্ষাও অসম্ভব করে তুলবে।

৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানের উত্থান না হলে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হতো, তা এখন নতুন করে আলোচনার বিষয়। সে সময় পাল্টাপাল্টি ক্যু কিংবা গৃহযুদ্ধের মাধ্যমে অনেক দেশে বামপন্থিরা ক্ষমতা দখলের চেষ্টা চালিয়েছেন। কর্নেল তাহেরও একই ধরনের পরিকল্পনা নিয়েছিলেন। নৈরাজ্যবাদী কৌশলে কর্নেল তাহের ক্ষমতা দখলের কাছাকাছি চলে গিয়েছিলেন। এ সময় আমরা ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো দেশগুলোতে একই প্রক্রিয়ায় ক্ষমতা দখলের চিত্র দেখেছি। তাহের গ্রাম থেকে লোক এনে শহর দখলের পরিকল্পনাও নিয়েছিলেন।

হাসিনার শাসনামলে মুজিবপ্রেমীরা হঠাৎ করেই কর্নেল তাহেরের প্রেমে পড়ে যান। অথচ তাহের ছিলেন মুজিবের কঠোর বিরোধী। তার লাশ দাফন-কাফনের পরিবর্তে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন তিনি।

কর্নেল তাহেরের এই বিপ্লবের পরিকল্পনা সফল হলে তিনি আরেকজন পলপট হিসেবে আবির্ভূত হতেন। পলপট বিংশ শতাব্দীর অন্যতম কুখ্যাত একনায়ক হিসেবে পরিচিত। কম্বোডিয়ার উগ্র কমিউনিস্ট রাজনৈতিক গোষ্ঠী খেমার রুজের এই শীর্ষ নেতা তার শাসনামলে (১৯৭৫-৭৯) আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ ও নৃশংসতম অধ্যায় রচনা করেছিলেন। মৃত্যুদণ্ড, অনাহার, রোগব্যাধি ও জোরপূর্বক শ্রমের কারণে প্রায় ২০ লাখ মানুষ প্রাণ হারান।

খালেদ মোশাররফের উচ্চাভিলাষের করুণ পরিণতি এবং কর্নেল তাহেরের বিপ্লবী সরকার গঠনের প্রচেষ্টার ব্যর্থতার মধ্য দিয়ে সিপাহি-জনতার ঐক্যের ওপর ভিত্তি করে বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির সূচনা হয়। জিয়াউর রহমান ও তার সঙ্গীরা ভালোভাবেই বুঝতে পেরেছিলেন, এ দেশ যদি বামপন্থি রাজনীতির পরীক্ষাগারে পরিণত হয়, তাহলে অনিবার্যভাবে গৃহযুদ্ধের মুখে পড়বে। এ কারণে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন। একই সঙ্গে ভূখণ্ডগত জাতীয়তাবাদকে ধারণ করে দেশের রাজনীতির মানচিত্র বদলে দিয়েছিলেন।

আমাদের ভুলে গেলে চলবে না, জিয়াউর রহমান ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে বীরত্বের জন্য পদক পাওয়া একজন সেনা কর্মকর্তা ছিলেন। এ দেশের মানুষের আকাঙ্ক্ষা ও মনস্তত্ত্ব তিনি খুব ভালোভাবেই বুঝতেন। সেই আকাঙ্ক্ষা অনুধাবন করেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। ‘উই রিভোল্ট’ বলে প্রথম স্বাধীনতার যুদ্ধ তিনি শুরু করেছিলেন। আবার এ দেশের মানুষের আধিপত্যবাদবিরোধী মনোভাব তিনি ধারণ করতে পেরেছিলেন বলেই ৭ নভেম্বরে সৈনিকরা তাকে বেছে নিয়েছিলেন। জিয়ার তুমুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ব্যবহার করতে চেয়েছিলেন তাহের।

জিয়াউর রহমান পরে যে জাতীয়তাবাদী রাষ্ট্র গড়ে তোলেন, তা ছিল এ দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। একই কারণে জনজীবনে তিনি ইসলামকে প্রাধান্য দিয়েছিলেন। জিয়াউর রহমান বুঝেছিলেন, বাংলাদেশকে বৃহত্তর বাঙালি সাংস্কৃতিক জগৎ থেকে আলাদা করতে হবে। কারণ, এই কথিত বাঙালি সংস্কৃতির আড়ালে পশ্চিমবঙ্গকেন্দ্রিক অখণ্ড ভারতের একটি রূপ রয়েছে।

তিনি ভিন্ন ভাষা ও নৃগোষ্ঠীর নাগরিকদের স্বতন্ত্র পরিচয়কে স্বীকার করে একটি অভিন্ন ভূখণ্ডগত জাতীয় পরিচয় তুলে ধরেন। সেটি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মুসলিম পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামি মূল্যবোধ বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয়ের অংশ। জিয়াউর রহমানের সাংবিধানিক সংস্কারগুলোতে আমরা তার প্রতিফলন দেখেছি। তিনি রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেন।

জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন কখনো এ দেশের বামপন্থিদের পছন্দ ছিল না। ধর্মনিরপেক্ষতার অবসান, ভারতীয় বয়ানের বাঙালি জাতীয়তাবাদকে অস্বীকার এবং ইসলামি মূল্যবোধের আহ্বানের কারণে বামপন্থিরা জিয়াউর রহমানকে শত্রুজ্ঞান করেছেন। তাদের চোখে জিয়াউর রহমান হয়ে উঠেছিলেন বিশ্বাসঘাতক। বামপন্থি বুদ্ধিজীবী সিরাজুল ইসলাম চৌধুরীর মূল্যায়ন ‘সংবিধান’ থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ ছেঁটে ফেলা এবং ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ স্থাপন শুধু একটি সাংবিধানিক পরিবর্তন ছিল না, এটি ছিল মুক্তিযুদ্ধের মূল ভাবাদর্শিক চেতনার সঙ্গে একটি আপস।

জিয়াউর রহমান রাজনৈতিক সুবিধা ও ভিত্তি তৈরির জন্য ধর্মকে ব্যবহার করেছেন এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে মারাত্মকভাবে পিছিয়ে দিয়েছেন।’ (রাষ্ট্রের মালিকানা ও নাগরিকের অধিকার)

হাসিনার দেড় দশকের শাসনামলে কর্নেল তাহের ও খালেদ মোশাররফকে বীর বানানোর প্রকল্প ছিল জিয়াউর রহমানের প্রতি তাদের পুরোনো বিদ্বেষেরই প্রকাশ। সত্যি কথা হচ্ছে, জিয়াউর রহমানের রাজনীতির কারণে বামপন্থিদের নৈরাজ্যবাদী রাজনীতি দৃশ্যপট থেকে হারিয়ে গেছে। এই ক্ষোভ তারা কখনো লুকিয়ে রাখতে পারেননি।

জিয়াউর রহমান প্রকৃতপক্ষে গণতান্ত্রিক রাজনীতির চেতনা ধারণ করতেন। ফলে তিনি তার দলে বামপন্থিদেরও স্বাগত জানিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে তাদের অনেকে বিএনপি ও বেগম খালেদা জিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

এবার বিএনপি ক্ষমতায় আসার পর আমরা দেখছি, আওয়ামী লীগের শাসনামলে যারা তাহের ও খালেদ মোশাররফের প্রশংসা করতেন, তাদের অনেকে আবার ক্ষমতার বলয়ের কাছাকাছি জায়গা করে নিতে পেরেছেন। বামপন্থিদের এখনকার লক্ষ্য হলো রঙ বদলে ক্ষমতা উপভোগ করা। জিয়াউর রহমানের রাজনীতি তারা কখনো ধারণ করেননি, করতেও পারবেন না।

লেখক: সহযোগী সম্পাদক, আমার দেশ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন