বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের সামাজিক ও নৈতিক জীবনে আলেম-ওলামাদের প্রভাব সুদীর্ঘকাল ধরে বিদ্যমান। মসজিদ, মাদরাসা, খানকাহ, ওয়াজ-মাহফিল এবং ধর্মীয় শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা মানুষের ধর্মীয় চেতনা জাগ্রত করা, নৈতিক মূল্যবোধ রক্ষা করা এবং সমাজকে সৎ পথে পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন। সাধারণ মানুষের কাছে আলেম সমাজ শুধু ধর্মীয় শিক্ষক নন; তারা নৈতিক দিকনির্দেশকও।
তবে একটি বাস্তবতা হলো—স্বাধীনতার পর প্রায় পাঁচ দশক পার হলেও আলেম সমাজ একটি সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে দৃশ্যমানভাবে আত্মপ্রকাশ করতে পারেনি। যদিও বিভিন্ন সময়ে কয়েকজন আলেম জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক সমস্যা নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। কিন্তু এসব উপস্থিতি ছিল বিচ্ছিন্ন ও সীমিত। সামগ্রিকভাবে আলেম সমাজ একটি শক্তিশালী রাজনৈতিক বলয় গড়ে তুলতে পারেনি।
এই পরিস্থিতির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো আলেম সমাজের অভ্যন্তরীণ বিভক্তি। বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে দেওবন্দি, বেরলভি, আহলে হাদিস, চরমোনাই, ছারছীনা, ফুরফুরা বা জৈনপুরী সিলসিলাসহ নানা তরিকা ও ধারার অনুসারীরা সমাজে সক্রিয়। পীর-মাশায়েখ ও খানকাহকেন্দ্রিক ধর্মীয় বলয়ের অনুসারীর সংখ্যা বিপুল। প্রতিটি ধারার নিজস্ব ঐতিহ্য, শিক্ষা পদ্ধতি ও ধর্মীয় ব্যাখ্যা রয়েছে। এসব পার্থক্য ইসলামি জ্ঞানচর্চার বৈচিত্র্যকে সমৃদ্ধ করতে পারত; কিন্তু বাস্তবে অনেক সময় তা সহযোগিতার পরিবর্তে বিভাজনের কারণ হয়ে দাঁড়ায়। ফলে একটি অভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা কঠিন হয়ে পড়ে। ধর্মীয় আনুগত্য সবসময় রাজনৈতিক আনুগত্যে পরিণত হয় না। ফলে সামাজিক প্রভাব থাকলেও তা নির্বাচনি রাজনীতিতে প্রতিফলিত হয় না।
বাংলাদেশে বিশেষ করে দেওবন্দি ধারার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক রাজনৈতিক দল রয়েছে। তাদের সাংগঠনিক শক্তি সমান নয়—কেউ তুলনামূলকভাবে শক্তিশালী, কেউ অপেক্ষাকৃতভাবে দুর্বল। কিন্তু তাদের মৌলিক ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও আদর্শিক অবস্থানের মধ্যে বড় কোনো মতভেদ নেই। তবুও কার্যকর নির্বাচনি ঐক্য গড়ে ওঠেনি। এর প্রধান কারণ হিসেবে নেতৃত্বের প্রশ্নে পারস্পরিক অনমনীয়তা এবং সমন্বয়ের অভাবকে দায়ী করা হয়।
বাংলাদেশে আহলে হাদিস অনুসারীর সংখ্যাও কম নয়। তাদের নিজস্ব কোনো রাজনৈতিক দল নেই। তবে তাদের নিজেদের মধ্যে পারস্পরিক মতবিরোধ ও বিভক্তি অনেক সময় দৃশ্যমান হয়ে ওঠে। এ ধরনের বিভাজন তাদের সামষ্টিক শক্তিকে দুর্বল করে এবং সম্ভাবনাকে সীমিত করে রাখে। অথচ তারা যদি পারস্পরিক বিরোধ ভুলে বৃহত্তর স্বার্থে নিজেরা ঐক্যবদ্ধ হতে পারতেন, তাহলে তাদের ধর্মীয় ও সামাজিক প্রভাব আরো সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠতে পারত। পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও তারা একটি কার্যকর ও প্রভাবশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেতেন।
বাংলাদেশে বেরলভি তরিকার অনুসারীদের সংখ্যা উল্লেখযোগ্য এবং ধর্মীয়-সামাজিক পরিমণ্ডলে তাদের উপস্থিতিও সুস্পষ্ট। নিজেদের মধ্যে বড় ধরনের বিভক্তি না থাকলেও স্বাধীনতার পর গত ৫৪ বছরে তারা সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি। তাদেরও রাজনৈতিক দল নেই বরং বিভিন্ন সময়ে তারা স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিবর্তে বড় বড় রাজনৈতিক দলকে সমর্থন করার পথই বেশি বেছে নিয়েছে। ফলে তাদের জনসমর্থন ও সামাজিক প্রভাব থাকা সত্ত্বেও তা সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপ নিতে পারেনি।
কথায় কথায় অন্য মুসলমানকে কাফের বা বাতিল আখ্যা দেওয়ার একটি বেদনাদায়ক প্রবণতা আমাদের সমাজের দু-একজন জনপ্রিয় আলেমের মধ্যে লক্ষ করা যায়। মতপার্থক্যকে জ্ঞানগর্ভ আলোচনা বা সৌজন্যমূলক সমালোচনার মাধ্যমে সমাধান করার পরিবর্তে যখন সহজেই তাকফির বা বাতিলের অভিযোগ তোলা হয়, তখন তা সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেয়। এতে মুসলিম সমাজে বিভক্তি ও অস্থিরতা বাড়ে এবং ধর্মীয় নেতৃত্বের মর্যাদাও ক্ষুণ্ণ হয়। অনেক সময় মনে হয়, গঠনমূলক দাওয়াত ও সমাজসংস্কারের পরিবর্তে একে অপরের সমালোচনাই যেন তাদের প্রধান কর্মসূচিতে পরিণত হয়েছে। এই প্রবণতা পরিহার করে পারস্পরিক সহনশীলতা, প্রজ্ঞা ও সৌহার্দ্যের চর্চাই হতে পারে মুসলিম সমাজের জন্য অধিক কল্যাণকর পথ।
নেতৃত্বের প্রশ্নও ঐক্যের পথে বড় বাধা হয়ে দেখা দিয়েছে। ইসলামি শক্তিগুলোর মধ্যে ঐক্যের আলোচনা উঠলেই প্রায়ই প্রশ্ন দেখা দেয়—কে নেতৃত্ব দেবেন, কোন সংগঠন কতটুকু ভূমিকা পাবে এবং কার প্রভাব বেশি থাকবে। এই নেতৃত্বের প্রতিযোগিতা অনেক সময় ঐক্যের উদ্যোগ দুর্বল করে দেয়। ফলস্বরূপ সম্ভাবনাময় উদ্যোগগুলোও দীর্ঘস্থায়ী হয় না।
আরেকটি বাস্তবতা হলো, অনেক আলেমের সামাজিক প্রভাব ব্যাপক হলেও শক্তিশালী রাজনৈতিক সংগঠন গড়ে তোলার মতো সাংগঠনিক প্রস্তুতি তাদের ক্ষেত্রে সবসময় গড়ে ওঠেনি। রাজনীতি কেবল ব্যক্তিগত জনপ্রিয়তা বা ধর্মীয় মর্যাদার ওপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন শক্তিশালী সাংগঠনিক কাঠামো, দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত কর্মসূচি, গণসংযোগের কৌশল এবং কার্যকর মিডিয়া ব্যবস্থাপনা। এসব ক্ষেত্রে অনেক ইসলামি সংগঠন এখনো প্রত্যাশিত সক্ষমতা অর্জন করতে পারেনি।
বড় রাজনৈতিক দলের ওপর নির্ভরশীলতাও একটি কারণ। অনেক সময় দেখা যায়, স্বতন্ত্র ইসলামি শক্তি হিসেবে নির্বাচন করার পরিবর্তে কিছু আলেম বড় রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত হয়ে সংসদ সদস্য হওয়ার চেষ্টা করেন। এতে ব্যক্তিগতভাবে কেউ কেউ সফল হলেও ইসলামি রাজনীতির স্বতন্ত্র অবস্থান শক্তিশালী হয় না; বরং সামগ্রিকভাবে ইসলামি রাজনীতির স্বাধীন শক্তি হিসেবে বিকাশের পথ সংকুচিত হয়ে পড়ে।
আলেম সমাজের পারস্পরিক সমালোচনা ও বিরোধও একটি উদ্বেগজনক বিষয়। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলেম ও ইসলামপন্থি গোষ্ঠীর মধ্যে তীব্র সমালোচনা, তর্ক-বিতর্ক এবং কখনো কখনো অশালীন ভাষা ব্যবহারের ঘটনা দেখা যাচ্ছে। এসব বিষয় সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও অস্বস্তির সৃষ্টি করে। কারণ মানুষ আলেমদের মধ্যে সংযম, শালীনতা ও ভ্রাতৃত্বের আদর্শ দেখতে চায়। যখন সেই প্রত্যাশার বিপরীত আচরণ দেখা যায়, তখন আলেম সমাজের প্রতি মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক ও ইউটিউব এই সমস্যাকে আরো জটিল করে তুলেছে। আগে মতবিরোধ সীমিত পরিসরে আলোচনা হতো, কিন্তু এখন তা মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। অনেক সময় আংশিক বক্তব্য, সম্পাদিত ভিডিও বা ভুল ব্যাখ্যার মাধ্যমে বিরোধকে উসকে দেওয়া হয়। ফলে একটি সীমিত মতভেদ বড় বিতর্কে পরিণত হয়।
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি কয়েকটি বড় দলের প্রভাবের মধ্যে সীমাবদ্ধ। এই শক্তিশালী রাজনৈতিক কাঠামোর মধ্যে নতুন কোনো শক্তির জায়গা তৈরি করা সহজ নয়। সংগঠন, অর্থনীতি, জনসংযোগ ও রাজনৈতিক কৌশলের দিক থেকে শক্তিশালী প্রস্তুতি ছাড়া নতুন রাজনৈতিক শক্তির প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে।
তবে সম্ভাবনার দিকটিও উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের সাধারণ মানুষ ধর্মপ্রাণ এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে ইসলামি মূল্যবোধের প্রভাব গভীর। ফলে অনেকেই আশা করেন, ইসলামপন্থি শক্তিগুলো নিজেদের মধ্যে বিভেদ ভুলে বৃহত্তর লক্ষ্য সামনে রেখে কাজ করবে। সাধারণ মানুষের এই প্রত্যাশা কেবল আবেগের বিষয় নয়; এর পেছনে বাস্তব রাজনৈতিক প্রয়োজনও রয়েছে। তারা মনে করে, ইসলামপন্থিরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে তারা জাতীয় জীবনে একটি ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।
ঐক্যের ক্ষেত্রে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে তাদের প্রতি মানুষের আস্থা রয়েছে। তারা যদি উদারতা, প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে পারস্পরিক সংলাপ ও সমঝোতার পরিবেশ তৈরি করেন, তাহলে ঐক্যের পথ অনেকটাই সহজ হতে পারে। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেটিকে যেন ব্যক্তিগত বিরোধে রূপ না দেওয়া হয়—এই সচেতনতা প্রয়োজন।
ইসলামের ইতিহাস আমাদের শেখায়, মতভেদ কোনো অস্বাভাবিক বিষয় নয়। সাহাবায়ে কেরাম, তাবেয়িন এবং পরবর্তী যুগের বহু ইমামের মধ্যেও বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল। কিন্তু তারা একে অপরের প্রতি সম্মান বজায় রেখেছেন এবং ভ্রাতৃত্বের সম্পর্ক অটুট রেখেছেন। এই ঐতিহ্যই ইসলামি জ্ঞানচর্চার সৌন্দর্যকে সমৃদ্ধ করেছে। বর্তমান সময়েও সেই আদর্শ অনুসরণ করা প্রয়োজন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অহমিকা ও অতিরিক্ত আত্মবিশ্বাস। অনেক সময় কোনো সংগঠন বা দল নিজেদের সাংগঠনিক শক্তির ওপর অতিমাত্রায় আস্থা রেখে অন্যদের সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করে না। আবার কেউ কেউ নেতৃত্বের প্রশ্নে ছাড় দিতে অনীহা দেখায়। এসব মনোভাব ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বাস্তবে দেখা যায়, বিচ্ছিন্ন শক্তি যত বড়ই হোক, সম্মিলিত শক্তির কাছে তা অনেক সময় দুর্বল হয়ে পড়ে।
পরিশেষে বলা যায়, বাংলাদেশের আলেম সমাজের সামনে এখনো বড় সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন পারস্পরিক সহনশীলতা, দূরদর্শী নেতৃত্ব এবং শক্তিশালী সংগঠন। মতভেদ থাকলেও বৃহত্তর স্বার্থে সমঝোতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। যদি আলেম সমাজ ঐক্য, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে, তাহলে তারা শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়—সমগ্র জাতির নৈতিক ও সামাজিক উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
লেখক : সাবেক উপদেষ্টা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

