সখীপুরে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদাবাজি মামলায় বাচ্চু গ্রেপ্তার

সখীপুরে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদাবাজি মামলায় বাচ্চু গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় ফজলুল হক বাচ্চুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। রোববার দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী ও দ্য বাংলাদেশ টুডে পত্রিকার সখীপুর উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম নাহিদ জানান, গত ফেব্রুয়ারি মাসে তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সখীপুর-বাটাজোর সড়কের এসডিএস মোড় এলাকায় প্রায় ১৫ বছর ধরে বসবাসকারী এক ব্যক্তির কাছ থেকে জমিসহ একটি পুরোনো বাড়ি ক্রয় করেন। এরপর থেকেই ফজলুল হক বাচ্চু তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিক নজরুল ইসলাম নাহিদ তার বাসার সামনে দোকানের শাটারের কাজ করাচ্ছিলেন। এ সময় ফজলুল হক বাচ্চুর নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালিয়ে তাকে, তার স্ত্রী ও সন্তানদের মারধর করে। হামলায় নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ওই দিনই নজরুল ইসলাম নাহিদ বাদী হয়ে সখীপুর থানায় ফজলুল হক বাচ্চুসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। প্রায় ১৪ দিন পর র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন পিপিএম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে এর আগেও ৭ থেকে ৮টি মামলা রয়েছে। তিনি সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন সামছুল হকের ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...