রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি পুকুর থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাজাবাড়িহাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কসংলগ্ন একটি পুকুর থেকে রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম সাবিদুল ইসলাম (৩৫)। তার বাড়ি পাশ্ববর্তী এলাকায়। তার বাবার নাম কালাম হোসেন। গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন সাবিদুল। তিনি নেশাগ্রস্ত অবস্থায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন বলে জানিয়েছে পুলিশ।
গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, সকালে পুকুরের পানিতে সাবিদুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
তিনি জানান, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

